ইউক্রেনের পার্লামেন্ট সামরিক আইন ও সাধারণ সেনা সমাবেশের মেয়াদ ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। সোমবার পার্লামেন্টে এ-সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৯৩ জন আইনপ্রণেতা।
ইউক্রেনের পার্লামেন্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবের ভিত্তিতে মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটের আগে আইনপ্রণেতারা বিল দুটি দ্রুত প্রক্রিয়ায় বিবেচনার বিষয়ে সম্মত হন।
বর্তমান পার্লামেন্টের অধীনে সামরিক আইন ও সাধারণ সেনা সমাবেশের মেয়াদ বাড়ানোর পক্ষে এটি ২১তম ভোট।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনে সামরিক আইন বহাল রয়েছে। এর আওতায় দেশটিতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখা এবং সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় জনবল সংগ্রহের সুযোগ রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে এসব ব্যবস্থার কার্যকারিতা ২০২৭ সালের জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
সূত্র: আনাদোলু
