চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী বলেছেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সব অনলাইন নাগরিক সেবা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করবেন।
একই সঙ্গে চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত নিজের বেতন-ভাতাও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ মাইজকান্দি জামে মসজিদে আসরের নামাজের পর আয়োজিত মিলাদ, দোয়া ও আলোচনা সভা শেষে প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে তার বাবা-মা এবং কবরবাসী আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী বলেন, জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদের আবেদনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন অনলাইন সেবার ফি তিনি ব্যক্তিগতভাবে বহন করতে চান।
এতে সাধারণ মানুষকে এসব সেবা নিতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমি রাজনীতিতে এসেছি কিছু নেওয়ার জন্য নয়, জনগণকে কিছু দেওয়ার উদ্দেশ্যে।
আল্লাহর রহমতে চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি অর্থের অপব্যবহার করব না। ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
পাশাপাশি দক্ষিণ গাজীপুর এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার আশ্বাস দেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। অনুষ্ঠানে দক্ষিণ গাজীপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন সন্ধ্যায় গোয়ালবার এলাকার ফতেপুর পশ্চিম ইউনিয়ন তাতী দলের সভাপতি অসুস্থ মনির হোসেন মোল্লার বাড়িতে যান এম ইলিয়াছ আলী। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
বিআলো/আমিনা