রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি জানা গেছে।
নিহত হরিমনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।
নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ে ঝুমখেতের ধান আনতে যান হরিমনি ত্রিপুরা। এ সময় পাহাড়ের ওপর দিক থেকে হঠাৎ একদল বন্য শূকর তাঁকে আক্রমণ করে। আশপাশে কেউ না থাকায় পালানোর চেষ্টা করার সময় তিনি শূকরের সামনে পড়ে যান। শূকরের আক্রমণে তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। জন ত্রিপুরা আরও জানান, এ ঘটনায় তাঁদের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা আগামীকাল মরদেহের সৎকার করবেন। বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাকে জানানো হয়েছে।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় নিয়ে এসে তাঁকে বিষয়টি জানান। এলাকাটি দুর্গম হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে অবহিত করেছেন বলে জানান।
