সর্বশেষ আপডেট:
স্টার অনলাইন রিপোর্ট
মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানজট। ছবি: প্রবীর দাশ/স্টার
রাজধানী ঢাকায় সকাল থেকেই ধীর গতিতে ঘুরছিল গাড়ির চাকা। দুপুর গড়াতেই যানজট তীব্র আকার নেয়।
খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর রোড, আসাদ অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে যানবাহন ধীরে ধীরে চলছে। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট।
আজ মঙ্গলবার বিএনপির যুব সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন নেতাকর্মীরা।
এছাড়া ঢাকার আশেপাশের এলাকা থেকেও পিকআপ ভ্যান, মিনিবাস ও মোটরসাইকেলে অনেকে আসেন কর্মসূচিতে যোগ দিতে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুপাশের লেন ঘেঁষে এসব গাড়ি সারি করে পার্ক করে রাখতে দেখা যায়।
ফার্মগেটে যানজট। ছবি: প্রবীর দাশ/স্টার
অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি মিছিলের কারণেও ধীর হতে থাকে সড়কের গতি।
ফার্মগেট এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রাকিবুল হক। সকালে ব্যক্তিগত গাড়িতে তিনি অফিসের উদ্দেশে রওনা হন।
‘দীর্ঘ সময় জাতীয় সংসদ ভবনের সামনে আটকে ছিলাম। অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে ভেবে গাড়ি ছেড়ে দিয়ে শেষে হাঁটতে শুরু করি,’ দ্য ডেইলি স্টারকে বলেন রাকিবুল হক।
‘কারওয়ান বাজার থেকে মোটরসাইকেলে মোহাম্মদপুর যেতে যেখানে সর্বোচ্চ আধাঘণ্টা সময় লাগে, সেখানে আজ সময় লেগেছে এক ঘণ্টার বেশি,’ বলেন আরেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।
তেজগাঁও কথা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাদিয়া আফরিনের সঙ্গে। তিনি অফিসের কাজে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন।
‘বনানী থেকে পুরো পথ আটকে আছে। যতটা ভোগান্তি পোহাতে হচ্ছে, আসলে ততটা ভোগান্তি হওয়ার কথা না। কেবলমাত্র বিশৃঙ্খলার কারণে এই পরিস্থিতি,’ যোগ করেন তিনি।
আরেক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা এই ভোগান্তির কথা উল্লেখ করে জানান, তিনি এক ঘণ্টায় সোবহানবাগ থেকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে পৌঁছেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ওমর আলী ডেইলি স্টারকে বলেন, ‘আজ লেক রোডে যুবদলের একটি কর্মসূচি ছিল। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতির কারণে সকাল থেকে যানজট তৈরি হয়েছিল। আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব পরিস্থিতি স্বাভাবিক রাখতে।’
‘দুপুর ২টা থেকে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। আশা করছি, বিকেল হতে হতে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে,’ বলেন তিনি।
