প্রকাশিত: ১৯:১১, ২৬ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় রনি পাঠান ও নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। তবে ইয়াবা উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে।
