বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত কাঞ্চন মোল্লা উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল সোমবার রাতে উজিরপুর উপজেলা বিএনপি কাঞ্চন মোল্লাকে বহিস্কারের সিদ্ধান্ত গণমাধ্যমকে নিশ্চিত করেন।
উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকান্ড জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে পলাতক থাকায় বহিষ্কারের বিষয়ে মো. কাঞ্চন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আসামি কাঞ্চন মোল্লার বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, ‘শুধু ৬নং আসামি নয়, পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।’
উল্লেখ্য, গত শুক্রবার রাতে উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ড ঘটিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় ওই দিন রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহয়তায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা এলাকায় মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
