মামলা প্রত্যাহারে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে পিটিশন মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন সানায়া চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা করেন সানায়া চৌধুরী। ওই মামলায় আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
সানায়ার অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি। পরে শাড়িটি ফেরত চেয়ে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠালে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মামলার অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের মার্চে দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানজিন তিশার সঙ্গে দেখা হলেও শাড়িটি ফেরত পাননি সানায়া। পরে ওই বছরের ১০ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে ফোন করে তানজিন তিশা তাঁকে মামলা করা ও সামাজিকভাবে হেয় করার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন সানায়া।
গত ২৫ মে পিবিআইয়ের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ওই মামলায় অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে সানায়া চৌধুরী গত ২৫ অক্টোবর ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দেন বলে বাদীপক্ষের ভাষ্য।
সানায়ার অভিযোগ, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর তাঁকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে হুমকি দেওয়ার পাশাপাশি দেশ ছেড়ে চলে যাওয়ার ভয়ও দেখানো হয় বলে দাবি করেন তিনি। নিরাপত্তাহীনতার কারণে ন্যায়বিচার চেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নতুন এই মামলা করেছেন বলে জানান বাদী।
তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি।
এমএম/
