প্রকাশিত: ০৮:৫৪, ২৭ অক্টোবর ২০২৬
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাপড়াভাঙ্গা নদীতে অবস্থান করা মাছ ধরা ট্রলার
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্নব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘূনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় পটুয়াখালী পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঘূর্ণিঝড় অর্নব সোমবার (২৬ অক্টোবর) মধ্যরাত ৩টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৮ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে পটুয়াখালী পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সবাধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সমুদ্রের পানির উচ্চতা বাড়ার পাশাপাশি ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
মহিপুর মৎস্য আরতদার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা বলেন, “আমাদের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় অর্ণবের কোনো প্রভাব পড়েনি। তবে সাগর উত্তাল রয়েছে। বর্তমানে ইলিশ ধারার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। যে কারণে অধিকাংশ মাছ ধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে অবস্থান করছে।”
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্নব’ বুধবার নাগাদ ভারতের অন্ধপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে।”
