Published : 27 Oct 2026, 03:46 PM
Updated : 27 Oct 2026, 03:46 PM
সাগরপথে ইউরোপ যেতে লিবিয়ায় গিয়ে আটকেপড়া আরও ১৭৪ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী দেশে ফিরেছেন।
ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার সকালে তারা ঢাকায় পৌঁছেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়।
“তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে।
আইওএমের তরফ থেকে তাদের জন্য পথখরচ, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
