মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করলে জবাবে তারাও পাল্টা হামলা চালায়। ওয়াশিংটন পোস্টের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানের এই অননুমোদিত ব্যবহারের দুটি ঘটনা জানতে পেরে ভীষণ ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
প্রতিবেদনে আরও বলা হয়, স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী একমুখী ড্রোন পরিচালনা করেছে, তবে সেটি স্থল অভিযানের জন্য নির্ধারিত অপেক্ষাকৃত কম মূল্যের প্যাকেজের আওতায় চালানো হয়েছিল বলেও মাস্ককে জানানো হয়। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও স্পেসএক্স এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো এক গোপন প্রতিবেদনে ইরানি সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ সংক্রান্ত কোনো প্রতিবেদন জমা পড়ার বিষয়ে তারা অবগত নয়।
ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ভূ-রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, এর ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষগুলোর অবৈধ ব্যবহারের বিষয়টি বর্তমানে ব্যাপক নজরদারির মুখে পড়েছে। ইরানে কার্যক্রম পরিচালনার জন্য স্টারলিংকের কোনো লাইসেন্স না থাকলেও মাস্ক এর আগে বলেছিলেন যে দেশটিতে এই সেবা সক্রিয় রয়েছে। গত জানুয়ারিতে দেশব্যাপী প্রাণঘাতী বিক্ষোভসহ বিভিন্ন অস্থিরতার সময় ইরানি কর্তৃপক্ষ জনসাধারণের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, ওই ঘটনার পর মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাচার করে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সাথে বর্তমান সংঘাত শুরু করার পর থেকে তেহরান ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
