জন্মদিনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে চিত্রনায়িকা পরীমণির জন্য শিউলি ফুল পাঠিয়েছেন এক নারী। ফুল পাঠানো ব্যক্তিকে নিয়ে কৌতূহল তৈরি হলে অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক পোস্টের জবাবে পরীমণি জানান, ওই ব্যক্তি পুরুষ নন, একজন নারী।
গত শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির ৩৪তম জন্মদিন। জন্মদিনের আয়োজনের জন্য ফেসবুকে দুই মণ শিউলি ফুল চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছা পূরণে চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠান এক নারী। জন্মদিনের অনুষ্ঠানে বিষয়টি জানিয়ে মুগ্ধতা প্রকাশ করেন অভিনেত্রী।
কে এই ফুল পাঠালেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়। বিষয়টি নিয়ে রসিকতা করে ফেসবুকে পোস্ট দেন জয়। তিনি লেখেন, পরীমণির জন্য এত ফুল কে পাঠিয়েছেন, তা নিয়ে চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের মনে কৌতূহল তৈরি হতে পারে। ফুল পাঠানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
জয়ের সেই রসিকতার জবাবে পরীমণি জানান, ফুল পাঠানো ব্যক্তি কোনো পুরুষ নন, একজন নারী। তবে ওই নারীর নাম বা পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।
বিআলো/শিলি