চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬টি উপজেলায় এক দিনে এক লাখ চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রজাতির ৪ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ, পৌরসভা এলাকা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা রোপণ করা হয়।
এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য—এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন, সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অংশীদার হতে সাতকানিয়া উপজেলা বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন শুরু করা হয়েছে। রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
