Published on
:
1 min read
এই সময়, বারাসত: আগের দিনের ক্ষত এখনও শুকোয়নি। রামকৃষ্ণপল্লিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বারাসতে। রবিবার সকালে বাদু গুস্তিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে তলিয়ে মৃত্যু হলো দুই নাবালিকা বোনের। মৃতদের নাম সুমাইয়া খাতুন (১১) ও আফিফা পারভিন (১০)। সম্পর্কে তারা মামাতো-পিসতুতো বোন। সুমাইয়া চতুর্থ ও আফিফা পঞ্চম শ্রেণির পড়ুয়া। একজনের বাড়ি স্থানীয় খড়িবাড়িতে, অন্যজনের গুস্তিয়া তালপুকুরে।
রবিবার সকালে বাড়ির বাইরে খেলায় মেতেছিল সুমাইয়া ও আফিফা। খেলার ছলেই তারা দল বেঁধে কিছুটা দূরে একটি পুকুরের পাড়ে চলে যায়। পরিবারের সদস্যদের দাবি, ঠিক কী ভাবে তারা জলে নেমেছিল তা স্পষ্ট নয়। আচমকা দু’জনকে গভীরে তলিয়ে যেতে দেখে তাদের সঙ্গীরা বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায়। তবে ব্যর্থ হয়ে চিৎকার জুড়ে দিয়ে বাড়িতে খবর দেয় খুদেরা।
পরিবারের সদস্য মনিরুল রহমানের কথায়, ‘অন্য বাচ্চাদের সঙ্গেই খেলছিল ওরা। কী ভাবে পুকুরে নামল বুঝে উঠতে পারছি না। পা পিছলে পড়ে গিয়েছিল নাকি অন্য কিছু, তা জানি না।’
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুকুর থেকে সংজ্ঞাহীন অবস্থায় দু’জনকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরপর দু’দিনে চার শিশুর সলিল সমাধিতে তীব্র ক্ষোভ ও আতঙ্কের আবহ গোটা এলাকায়। অরক্ষিত জলাশয় ও শিশুদের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।
