মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যার জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ, অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর পর্যন্ত কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি খুন হন। এ হত্যাকাণ্ডের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় সোমবার প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায়। হামলার শিকার বাড়িগুলোর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িও রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাইজুল সরদার হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে কোনো মামলা দায়ের না হলেও আমাদের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই
