Published on
:
1 min read
‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে তিনি মন কেড়েছিলেন দর্শকের। প্রথম সিজ়নেই বিজয়ী অভিজিৎ সাওয়ন্তকে নিয়েই সকলের মধ্যে তুঙ্গে আগ্রহ। একটা সময়ে তাঁর কণ্ঠে বহু গান মন ছুঁয়েছিল মানুষের। তবে একটা রিয়্যালিটি শো জিতলেই যে জীবন একেবারে শর্টেট, এমনটা অভিজ্ঞতা হয়নি কখনও তাঁর। একঝাঁক প্রতিযোগীর মধ্যে থেকে জায়গা করে নেওয়া খুব কঠিন ছিল বলেও দাবি অভিজিতের।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিজিৎ জানান, এই শো তাঁকে পরিচিতি দিলেও প্লে-ব্যাক গান গাওয়ার সুযোগ নিজে থেকে আসেনি। অভিজিৎ বলেন, ‘খুব কঠিন ছিল আমাদের সময়টা। কারণ, ইন্ডাস্ট্রিতে বহু বাধানিষেধও ছিল। প্রতিষ্ঠিত গায়ক, সুরকারদের দরজায় গিয়ে কড়া নেড়ে বলতাম, ‘দয়া করে আমাদের ঢুকতে দিন, কাজ দিন।’ সেই মুহূর্তগুলো এখনও ভুলতে পারিনি।’
তবে একটা রিয়্যালিটি শোয়ের পরে আর সে ভাবে মঞ্চে দেখা না যাওয়ায় বহু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিজিৎকে। গায়ক বলেন, ‘আপনাকে খোঁটা দেবে মানুষ। কী করা উচিত আর কী করা উচিত নয়, শেখাতে আসবে। অনেক কিছু সহ্য করার পরেও নিজের মনকে ঠিক রাখতে হবে।’
রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়ার পরে অভিজিতের জীবনে নানা পথ খুলে গিয়েছিল। তিনি ‘বিগ বস মারাঠি’, ‘সেলিব্রিটি মাস্টারশেফ’, ‘কমেডি সার্কাস’-এর মতো টেলিভিশন শোয়ে অংশ নিয়েছিলেন। এই মুহূর্তে মৌলিক গান তৈরির দিকে নজর দিয়েছেন গায়ক। পাঁচটি গান মুক্তির অপেক্ষায়।
তবে এখন তাঁর জীবনের প্রতিযোগিতা খানিক অন্য। শিল্পীর কথায়, ‘এখন নিজের সঙ্গেই প্রতিযোগিতা আমার। এই মঞ্চ থেকে অনেক কিছু শিখতে চাই। বহু তরুণ শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি, এটাই আমার পরম প্রাপ্তি।’
