বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (টেলিকম) ক্যাডারের ২০তম ব্যাচের তারঘীবুল ইসলাম। কর্মজীবনে তার সরকারি ও বেসরকারি খাতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ২৮ বছরের অধিক পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিএসসিপিএলসিতে যোগদানের আগে টেলিযোগাযোগ অধিদপ্তরে “ফিজিবিলিটি স্টাডি ফর এস্টাবলিশিং ন্যাশনাল একাডেমি ফর অ্যাডভান্সড টেলিকম রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনএএটিআরটি) অ্যান্ড আইটিইউ রিকগনাইজড টেলিকম টেস্টিং ল্যাবস ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তারঘীবুল ইসলাম টেলিটক বাংলাদেশ লিমিটেডে নেটওয়ার্ক প্ল্যানিং, করপোরেট স্ট্র্যাটেজি এবং কোম্পানি সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত ‘সাসেক ইনফরমেশন হাইওয়ে’ প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
নব্বইয়ের দশকের শেষভাগে তিনি একটি শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটরে সহকারী ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মোবাইল টেলিযোগাযোগ, টেরেস্ট্রিয়াল টেলিযোগাযোগ নেটওয়ার্ক, প্রকল্প ব্যবস্থাপনা, করপোরেট কৌশল এবং টেলিযোগাযোগ নীতি বিষয়ে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন।
তারঘীবুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স অব আর্টস ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদপ্রাপ্ত।
