মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার উদ্ধার অভিযান চলাকালে মো. মারুফ হোসেনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মো. রাসেল (৪০)। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত সোমবার পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী ঘুরতে এসে নদীতে গোসলে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুজন পানিতে তলিয়ে যান। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ দুজন হলেনÑ ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ হোসেন (১৯) এবং পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল (৪০)।
এদিকে সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে মারুফ হোসেনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ অপর কর্মী মো. রাসেলকে উদ্ধার না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।