প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম
জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তারের পর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্যসচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের অধীন ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে তাঁর পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। অভিযানে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা আমান উল্লাহ উদয় ও আরও চারজনকে আটক করা হয়।
পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। মদসহ গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার কথা উল্লেখ করে উদয়ের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে উপজেলা ছাত্রদল।
