একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল শুরু হয়।
কিশোরগঞ্জ ও মহাখালী বাস টার্মিনালের মালিকদের দ্বন্দ্বের জেরে রোববার এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যাওয়া চাকরিজীবীরা পড়েন বিপাকে।
কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর রেজা মুরাদ বলেন, বাস চলাচল বন্ধের পেছনে যে সমস্যা রয়েছে, তা নিয়ে আগামীকাল কেন্দ্রীয় কমিটির সভা হবে। ঢাকার লেকজন যে অতিরিক্ত বাস দিয়েছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। এখন আগের বাসগুলোই চলবে। এ কারণে সোমবার সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে রোববার সকালে গাইটাল বাস টার্মিনালে গিয়ে চার পরিবহনের বাস বন্ধ পান যাত্রীরা। এসময় ‘অনন্যা সুপার’ নামে একটি পরিবহনের বাস গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাত্রী পরিবহন করে। মহাখালী পর্যন্ত ৩৮০ টাকা ভাড়ার বিপরীতে গাজীপুর পর্যন্ত ৪০০ টাকা নেয়া হচ্ছিল বলে জানান যাত্রীরা। এতে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ বাসের পরিবর্তে ট্রেনে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। তবে পরিবহন মালিকদের মধ্যকার বিরোধের স্থায়ী সমাধান হবে কি না, তা নির্ভর করছে পরবর্তী আলোচনার ওপর।
