ইরানই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে আগের যুদ্ধবিরতি চুক্তিকে সময়ের অপচয় হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের করিন্থ শহরে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করিনি। ইরান আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে।’
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা থাকলেও তিনি সেই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিলেন।
আগের যুদ্ধবিরতি চুক্তির সমালোচনা করে ট্রাম্প বলেন, শুরু থেকেই তিনি এ ব্যবস্থার পক্ষে ছিলেন না। তাঁর ভাষ্য, ‘আমরা একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতিতে গিয়েছিলাম, যা আমার কখনোই খুব একটা পছন্দ হয়নি। আমরা ভালো কিছু করতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়, এটি ছিল কেবল সময়ের অপচয়।’
এ সময় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর দাবি, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা ইউরোপের বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শহরগুলোও দেশটির ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরেও আঘাত হানতে পারত।
তবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্পের এসব দাবির পক্ষে প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সূত্র: আলজাজিরা
