অক্টোবর ২৭, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরে দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পানে অসুস্থ হয়ে দীপুরাজ হাউলি (১৩) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দীপুরাজ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে এবং আড়পাঙাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার জানান, গত বুধবার সন্ধ্যায় খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে ট্রলারে বন্ধুদের সাথে মদ পান করে দীপুরাজ। পরে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকির হোসেন জানান, অতিরিক্ত অ্যালকোহল জাতীয় দ্রব্য পানের ফলে সে ক্রমাগত বমি করছিল এবং তার অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাতক্ষীরায় রেফার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পাটোয়ারী জানান, বিষয়টি পুলিশকে আগে জানানো হয়নি। তবে খবর পেয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/এএজে
