দুর্দান্ত ছন্দে ছুটে চলা মৌসুমে হুট করে দুই হারের ধাক্কা। পিএসজির পর রেয়াল মাদ্রিদের বিপক্ষে দলের পারফরম্যান্সে নিজের হতাশা লুকাননি হান্সি ফ্লিক। তবে এর পেছনের কারণও খুঁজে পেয়েছেন বার্সেলোনা কোচ। তার মতে, টানা খেলার ক্লান্তি চেপে ধরেছে তাদের।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে টানা ১১ ম্যাচ জিতে উড়ছিল বার্সেলোনা। তাদেরকে মাটিতে নামিয়ে আনে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গত মঙ্গলবার কাতালান ক্লাবটিকে ৪-২ গোলে হারায় ফরাসি চ্যাম্পিয়নরা।
এরপর কাম্প নউয়ে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের তেতো স্বাদ পায় বার্সেলোনা। দুই ম্যাচেই দলের খেলোয়াড়দের মধ্যে সতেজতার অভাব চোখে পড়েছে ফ্লিকের। তবে এটাকে অজুহাত হিসেবে দেখতে নারাজ তিনি।
রেয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর জার্মান এই কোচ বললেন, ফুটবলে এমন হতেই পারে। ঘাটতির জায়গাগুলোয় উন্নতি করে আবারও সেরা চেহারায় দলকে ফেরাতে চান তিনি।
“টানা দুই হার, আমরা খুশি নই। আমরা হতাশ। প্রথমার্ধ ভালো ছিল না, দ্বিতীয়ার্ধে ১-১ সমতা ফেরানোর পর আমরা উন্নতি করেছি। আমাদের মধ্যে সতেজতার অভাব ছিল। লা লিগায় এটা আমাদের প্রথম পরাজয়। টানা নয় ম্যাচ জেতার পর এমনটা ঘটল। পরাজয় এই খেলারই অংশ। নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে হবে, উন্নতি করতে হবে এবং আমরা সেটা করবই। প্রতিক্রিয়া দেখানো গুরুত্বপূর্ণ।
“এটা স্পষ্ট যে, আমরা উচ্চমানের প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি, যারা বল নিজেদের দখলে না থাকলেও খুব ভালো খেলেছে। আমাদের মধ্যে সতেজতার অভাব ছিল। বেতিসের বিপক্ষে ম্যাচের পর গত কয়েক সপ্তাহ... সহজ ছিল না। আমাদের বিশ্রাম নিতে হবে এবং এই হারের জবাব দিতে হবে। আমরা তা করব। হারলেই সবকিছু খারাপ, এমন নয়। তবে এখনও অনেক পথ বাকি, আর এ ধরনের ঘটনা ঘটতেই পারে। এই হার থেকে আমাদের শিক্ষা নিয়ে নিজেদের উন্নতি করতে হবে।”
টানা দুই হার দলের মনোবল ভেঙে দেবে না বলেই বিশ্বাস করেন ফ্লিক।
“আমার মনে হয় না, এই হার দলের মধ্যে কোনো সংশয় তৈরি করবে। পরিস্থিতি সম্পর্কে সবাই জানে। আজ আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে বড় ম্যাচে ছোট ছোট বিষয়ই ফল নির্ধারণ করে দেয়। সেখানেই পাল্লা একদিকে হেলে পড়ে। আজ ভাগ্য আমাদের সহায় ছিল না।
“আমাদের উন্নতি করতে হবে। এই হারগুলোর পর কোনো অজুহাত চলবে না। তবে জানি, কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে। আমি উদ্বিগ্ন নই, কারণ এটা খেলাধুলার অংশ। আমার এবং বার্সেলোনার সব সমর্থকের কাছে দুটি হার অনেক বেশি। বিশেষ করে এল ক্লাসিকোয় হার। আমরা হারতে চাই না।”
টানা ম্যাচের ক্লান্তি-শ্রান্তির কথা মনে করিয়ে দিয়ে ফ্লিক বলেন, এখন তাদের বিশ্রাম প্রয়োজন। এরপর আন্তর্জাতিক বিরতির আগে যে তিনটি ম্যাচ আছে, সেগুলো জেতার পাশাপাশি মৌসুমের সব শিরোপা জিততে চান বার্সেলোনা কোচ।
“আপনারা শুধু ম্যাচ দেখেন। কিন্তু সেভিয়া থেকে তিন ঘণ্টা বিমানে ভ্রমণ, এরপর হোটেলে ফেরা... তারপর প্যারিস যাওয়া... সব মিলিয়ে অনেক ধকল যায়। তবে হারার পর আমি এসব নিয়ে কথা বলতে চাই না; জিতলে এসব বলা ভালো। আর আমি কোনো অজুহাতও মেনে নেব না। সত্যিটাই বলছি, আজ আমরা সতেজ ছিলাম না। এই পরিস্থিতি বদলাতে হবে।
“আগামীকালের অনুশীলনের পর ছেলেরা দুই দিনের ছুটি পাবে। কয়েকজন লন্ডনের ইভেন্টে যাবে। আমি চাই, সবাই সতেজ হয়ে ফিরুক এবং খাবার, ঘুম ও শারীরিক রিকভারির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিক। বিরতির আগে আমাদের তিনটি ম্যাচ আছে। আমি প্রতিটি ম্যাচ জিততে চাই, প্রতিটি শিরোপাও জিততে চাই।”
আগামী শনিবার লা লিগায় আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা। পরে ৩ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে তারা। আর ৮ নভেম্বর লা লিগায় তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।
