খুলনায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিল জামায়াত
খুলনায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে মহানগরী জামায়াত। সোমবার অনুষ্ঠানে মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবন্ধীদের চলাচলের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার কথা বলেন।
খুলনার মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, যারা খুলনার ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করছে এবং যারা এসব সন্ত্রাসীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। কোনো রাজনৈতিক বা প্রশাসনিক প্রশ্রয় যেন অপরাধীরা না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি চত্বরে অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আর্তমানবতার সেবা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোকে অন্যতম প্রধান ইবাদত ও নৈতিক দায়িত্ব মনে করে আসছে। রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যম। অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের এই উদ্যোগ প্রমাণ করে, জামায়াত রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেও কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই জামায়াত অসহায় মানুষের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের চলাচলের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। জামায়াতে ইসলামী সাধ্যমতো এ দায়িত্ব পালনের চেষ্টা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মহানগরী আমির বলেন, একটি গণতান্ত্রিক ও স্বাধীন দেশে সাধারণ মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। কিন্তু খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছেন। ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ায় অনেকেই বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছেন। এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং পুরো অঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য বড় বিপর্যয়।
তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনকে নিজ দায়িত্বে তৎপর হতে হবে। একই সঙ্গে সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের প্রতিরোধই সন্ত্রাসীদের কোণঠাসা করতে পারে। খুলনার শান্তিপ্রিয় মানুষ আর কোনো বৈষম্য, সন্ত্রাস বা চাঁদাবাজি সহ্য করবে না।
চব্বিশের গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদ ও নাশকতাকারীদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে হয়। শত শত মানুষের রক্ত ও হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করা সবার পবিত্র আমানত।
সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে নানা ধরনের ষড়যন্ত্র করছেন উল্লেখ করে মহানগরী আমির বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নানা ধরনের গোপন ও প্রকাশ্য নাশকতার ষড়যন্ত্র করছে। তবে বাংলার মুক্তিকামী জনগণ এসব চক্রান্ত সফল হতে দেবে না। খুলনাসহ দেশের শান্তিপ্রিয় জনগণ ফ্যাসিস্টদের যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদের সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান ও মুশাররফ আনসারীসহ অনেকে।
