
জর্ডানের একটি গির্জায় বন্দুক হামলার জেরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান। সোমবার (২৬ অক্টোবর) চালানো এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন। এ ঘটনার পর জর্ডানের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে সিরিয়া।
আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার জর্ডানের কারাক প্রদেশের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হন। ওই হামলার প্রতিশোধ হিসেবে দক্ষিণ-পূর্ব সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে জর্ডানের সশস্ত্র বাহিনী।
জর্ডানের সামরিক বাহিনী বলেছে, সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে এ হামলা চালানো হয়েছে। তবে সিরিয়ার সরকার এ দাবি অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আগাম সমন্বয় বা অবহিতকরণ ছাড়াই সামরিক অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সিরিয়া।
সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, দেশটির দারা ও সুয়েইদা প্রদেশের গ্রামীণ এলাকায় অন্তত চারটি স্থানে হামলা হয়েছে। দারা প্রদেশের আল-তাই গ্রামে একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন—একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু নিহত হন। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন। দারার আল শাইয়াহ এলাকায় হামলায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি এবং সুয়েইদা প্রদেশের শাহবা শহরে হামলায় ৬০ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হন।
হামলার পর সিরিয়া-জর্ডান সীমান্তের নাসিব ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে যাত্রী ও বাণিজ্যিক পণ্য পরিবহন স্থগিত রয়েছে। নাসিবই দুই দেশের মধ্যে যাত্রী ও বাণিজ্যিক পণ্য চলাচলের একমাত্র সীমান্তপথ।
এর আগে সোমবার গির্জায় হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই ভাই ও তাঁদের ভগ্নিপতিকে গ্রেপ্তার করে জর্ডানের নিরাপত্তা বাহিনী। দেশটির কারাক প্রদেশের আল-জাদিদা গ্রামে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজনদের গোলাগুলি হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সন্দেহভাজনরা গুরুতর আহত হন বলে জর্ডান সরকারের একটি সূত্র জানিয়েছে।
গত শুক্রবার কারাকের হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে তিন বন্দুকধারী গুলি চালায়। এ ঘটনায় অন্তত নয়জন নিহত ও বহু মানুষ আহত হন। হামলার পর জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন এবং দেশের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দেন।
The post জর্ডানের বিমান হামলায় সিরিয়ায় নিহত ৭ appeared first on অর্থসূচক.
