The Sangbad · দেশ
প্রাথমিক বিদ্যালয়ে ১৫ ধরনের ছবি আপলোডের কঠোর নির্দেশ
২৬/১০/২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য হালনাগাদ ও যাচাই কার্যক্রমের অংশ হিসেবে অনলাইন সফটওয়্যার আইপিইএমআইএসে ১৫ ধরনের ছবি আপলোড করার জন্য কঠোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।আগামী ২৭ অক্টোবরের মধ্যে এসব ছবি আপলোড ও অনুমোদন নিশ্চিত করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে তথ্য হালনাগাদ না করলে কিংবা ভুল তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে অধিদপ্তর।সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সই করা একটি গুরুত্বপূর্ণ চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।চিঠিতে জানানো হয়েছে, আইপিইএমআইএসে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত প্রোফাইল এবং শিক্ষার্থীদের যাবতীয় তথ্য হালনাগাদের জন্য এর আগেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ নির্দেশনায় বর্তমানে এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালিত হচ্ছে।তথ্য যাচাই করে দেখা গেছে, অনেক বিদ্যালয়ের তথ্য ও প্রোফাইল আংশিক হালনাগাদ হলেও নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের রঙিন ছবিসহ প্রয়োজনীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো অপরিবর্তিত রয়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করেই নতুন করে ছবি আপলোড ও তা অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বিদ্যালয়ের রঙিন ভবন, ক্যাচমেন্ট এলাকার মানচিত্র, গেটসহ সীমানাপ্রাচীর এবং খেলার মাঠসহ সম্পূর্ণ বিদ্যালয়ের দৃশ্য স্পষ্টভাবে আপলোড করতে হবে।এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং প্রাক্-প্রাথমিক শ্রেণির ক্লাসরুমের ছবি দিতে হবে। বাকি ছবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষক কক্ষ, শিক্ষকদের দলীয় ছবি, ওয়াশরুম এবং বিদ্যালয় ভবনের সামনের ও পেছনের সাম্প্রতিক ছবি। শ্রেণিকক্ষের ছবি তোলার সময় কক্ষের আসবাবপত্র ও শিক্ষা উপকরণ স্পষ্টভাবে দৃশ্যমান রাখতে হবে। এর মধ্যে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা, ল্যাপটপ, প্রজেক্টর এবং আইসিটি উপকরণসহ অন্যান্য সামগ্রী থাকতে হবে। পর্যাপ্ত আলোতে পরিষ্কার ছবি তুলে অনলাইনে আপলোড করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।ছবি তোলার সুনির্দিষ্ট কিছু নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয়ের রঙিন ছবিতে ভবনের সম্পূর্ণ অংশ সুন্দরভাবে দৃশ্যমান থাকতে হবে। ক্যাচমেন্ট এলাকার মানচিত্রের ছবি হতে হবে একদম স্পষ্ট। গেট ও সীমানাপ্রাচীরের ছবি তোলার ক্ষেত্রে একটু উঁচুতে দাঁড়িয়ে ছবি তুলতে বলা হয়েছে, যাতে উভয়ই নিখুঁতভাবে দেখা যায়। মাঠসহ বিদ্যালয়ের সম্পূর্ণ দৃশ্য দিনের আলোতে সামনের দিক থেকে তুলতে হবে, যাতে ভবন ও মাঠের পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে। ওয়াশরুমের ক্ষেত্রে সাম্প্রতিক ও স্পষ্ট ছবি দিতে হবে, তবে বিদ্যালয়ে ওয়াশরুম না থাকলে সেই ছবি দেওয়ার প্রয়োজন নেই।চিঠিতে আগামী ২৭ অক্টোবরের মধ্যে বিদ্যালয়ের প্রয়োজনীয় ছবি আপলোড ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ সম্পন্ন না হলে অথবা কোনো ধরনের ভুল তথ্য পাওয়া গেলে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে অধিদপ্তর।
মূল প্রতিবেদনে যান ↗