হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান এবং ফুলব্রাইট স্কলার অধ্যাপক ড. মো. রাকিবুল হক।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে কপিরাইট অফিস ভবনে হিট প্রকল্পের কার্যালয়ে বিদায়ী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তা ও কনসালটেন্টরা উপস্থিত ছিলেন।
নতুন প্রকল্প পরিচালককে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘হিট দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম বড় প্রকল্প। এটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। একই সঙ্গে বড় প্রকল্প বাস্তবায়নে ইউজিসির সক্ষমতাও প্রমাণিত হবে।’
নানা কারণে প্রকল্পের কাজ দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা অর্থবহভাবে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। প্রকল্পের মেয়াদ না বাড়িয়েও নির্ধারিত পাঁচটি উপাদানের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, সরকারের অগ্রাধিকার ও ইউজিসির পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে হিট প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে তিনি আশা করেন।
প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় ইউজিসি তদারকি জোরদার করেছে বলেও জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি নতুন প্রকল্প পরিচালককে নির্ধারিত লক্ষ্য সামনে রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
নবনিযুক্ত প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হকের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা, একাডেমিক নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা হিট প্রকল্পের লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে মনে করে ইউজিসি।
গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক হক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় একাধিকবার স্থান পেয়েছেন। এর মধ্যে রয়েছে ২০২০, ২০২১, ২০২২, ২০২৫ ও ২০২৬ সাল। পিয়ার-রিভিউড গবেষণা সাময়িকীতে তার ৮০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গুগল স্কলারে তার গবেষণাকর্মের সাইটেশন সংখ্যা ৭ হাজার ৫০০-এর বেশি।
তিনি চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে ফুলব্রাইট ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন।
অধ্যাপক হক যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, ঘানা এবং ইউরোপের বিভিন্ন দেশের গবেষক ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণায় যুক্ত রয়েছেন। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতাও রয়েছে তার।
গবেষণা, একাডেমিক সম্মেলন ও জ্ঞান বিনিময়ের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম, সৌদি আরব, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ব্রুনাই সফর করেছেন। তিনি অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমস (এআইএস), আইসাকা, ইন্টারনেট সোসাইটি, জাতিসংঘের ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম, একাডেমিক কাউন্সিল অন দ্য ইউনাইটেড নেশনস, ফুলব্রাইট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইসহ বিভিন্ন পেশাগত ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তর হিট প্রকল্পের গুরুত্বপূর্ণ লক্ষ্য। এসব লক্ষ্য অর্জনে কৌশলগত পরিকল্পনা, তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয় ও অংশীজনদের মধ্যে সমন্বয় এবং জবাবদিহিমূলক প্রকল্প ব্যবস্থাপনা প্রয়োজন।
অধ্যাপক হকের গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের অভিজ্ঞতা এ কাজে সহায়ক হতে পারে। তার আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈশ্বিক গবেষণা সম্প্রদায়ের সংযোগ ও জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়াতেও ভূমিকা রাখতে পারে।
গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে অধ্যাপক ড. মো. রাকিবুল হককে প্রেষণে এ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। দেশের উচ্চশিক্ষা খাতের রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্প বাস্তবায়ন করছে ইউজিসি।
