২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দায়ের করা মামলা পুনরায় সচল করে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারাদেশে লগি-বৈঠার তাণ্ডব চালায়। সেদিন বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর জনসভায় হামলা চালানো হয়। হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী নিহত এবং সহস্রাধিক আহত হন বলে তিনি দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ওই ঘটনায় জড়িতদের বিচারের জন্য সুনির্দিষ্ট মামলা দায়ের করা হলেও তৎকালীন সরকার তা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তাই ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে পুনরায় সচল করে আসামীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে ২৮ অক্টোবর নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপনকারীদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।