আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ইরান, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। ইরানের আয়োজনে তেহরানে ৪ দেশের বৈঠক শেষে সোমবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দেশগুলো আলোচনা অব্যাহত রাখবে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ এগিয়ে নিতেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে তারা।
বৈঠকে অংশ নেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। এছাড়া ইরানের পক্ষে অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।
গত আগস্টে মক্কায় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর ইরানের সঙ্গে দেশ ৩টির এটি প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।
