গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার মধ্যে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে দেশের সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা, শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং চট্টগ্রাম বন্দরের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার। আয়োজকদের দাবি, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশগ্রহণ করেন।
গণভোটের রায় ও জাতীয় ঐক্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তারাও জাতীয় ঐক্যের পক্ষে। তবে জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকারই সেই ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। সরকার সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চাইলে জনগণের দেওয়া গণরায় মেনে নিতে হবে। তাহলেই ফ্যাসিস্টবিরোধী অবস্থানে শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ হবে।
শ্রমিকদের অধিকার ও শিল্প খাতের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, শিল্পমালিক ও নীতিনির্ধারকেরা ‘শিল্প বাঁচলে, দেশ বাঁচবে’ স্লোগান দিলেও বাস্তবতা হলো, শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের শ্রম ও ঘামে শিল্পকারখানা সচল থাকে। অথচ তাদের ন্যূনতম অধিকার এবং অসুস্থ হলে চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হচ্ছে না। এ অবস্থায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম বন্দর ও দেশের সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে গোলাম পরওয়ার বলেন, দেশের সম্পদ দেশীয়ভাবে পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের দায়িত্বশীল পদে থাকা কিছু ব্যক্তিও এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে দাবি করেন। দেশের স্বার্থ উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার জন্য সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়েও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার মাধ্যমে দেশটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে দিল্লির কোনো ধরনের আধিপত্য মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট অবস্থান জানান গোলাম পরওয়ার।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী ও মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে। তবে এর আগে সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আধিপত্যবাদী শক্তির প্রভাব থেকে দেশ রক্ষায় শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনার পর ২০২৭-২০২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় চট্টগ্রাম মহানগরী সভাপতি এবং আবু তালেব চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত ও মনোনীত হন।
এ ছাড়া সম্মেলনে বক্তব্য দেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুল্লাহ মানসুর। শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমাদ মাবরুর।
