প্রকাশিত: ১৮:১৪, ২৬ অক্টোবর ২০২৬ আপডেট: ১৮:১৫, ২৬ অক্টোবর ২০২৬
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাংবাদিক শফিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হচ্ছে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানকে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ২টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং থানা পুলিশের একটি দল। এরপর মরহুমের কফিনে তারা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে একই মাঠে তার জানাজা হয়। এতে ইমামতি করেন স্থানীয় চান্দ্রা দরবার শরীফের পীর মাওলানা হুজ্জাতুল্লাহ। জানাজায় রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুহম্মদ শফিকুর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
জীবদ্দশায় শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে কামিল (হাদিস) ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।
সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি পরপর দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।
