গাইবান্ধার সাদুল্লাপুরে এক স্কুলশিক্ষিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় আত্মসমর্পণ করা অপর দুই আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো অপর আসামি হলেন সাদুল্লাপুর উপজেলার চক নারয়ন গ্রামের সালেহীন আকন্দ (২৪)। জামিন পাওয়া দুই আসামি হলেন শ্রী প্রদীপ কুমার ও রবিউল আকন্দ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অপর দুজনের জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ওই শিক্ষিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, এর আগে ধর্ষণের অভিযোগে মামলা করার পর থেকে ওই নারীকে ভয়ভীতি দেখানো হচ্ছিল।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় চারজনকে আসামি করে মামলাটি করা হয়। অভিযোগগুলোর বিষয়ে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
The post শিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে appeared first on ভোরের চেতনা.
