মনপুরায় উপজেলা পরিষদের জমিতে নতুন করে ভিটি বরাদ্দের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা। বরাদ্দ কার্যক্রম বন্ধ না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার উপজেলা পরিষদ ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক ব্যবসায়ী অংশ নেন। এসময় ব্যবসায়ী নেতারা বলেন, প্রায় ৫০ বছরের পুরোনো হাজিরহাট বাজারকে পাশ কাটিয়ে নতুন বাজার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইউএনও খান সালমান হাবিব বলেন, বাজার থেকে দূরে পরিষদের নিজস্ব জায়গায় ১০০ ব্যবসায়ীর মধ্যে ভিটি বরাদ্দের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। বরাদ্দ কার্যক্রম চলার সময় ব্যবসায়ীরা আপত্তি জানাননি; এখন তারা প্রতিবাদ করছেন বলেও জানান তিনি।