অক্টোবর ২৭, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বাগেরহাট কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের বিআরটিএর কার্যালয়ে দুদক এই অভিযান পরিচালনা করে। অভিযানে গত ছয় মাসে যেসব ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছে তাতে বেশ অনিয়ম হয়েছে বলে তা রেজিস্টার খাতার নথিতে প্রাথমিকভাবে প্রমাণিত বলছে দুদক।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন। অভিযানকালে বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদান সংক্রান্ত নথিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখেন দুদকের কর্মকর্তারা।
দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গত ছয় মাসে যে সব ব্যক্তি তাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জমা দিয়েছেন তাদের মধ্যে কিছু ব্যক্তি লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেননি অথচ তাদের পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে। যা আমরা তাদের সংরক্ষণ করা রেজিস্টার খাতায় দেখতে পেয়েছি। আমরা এসব নথি জব্দ করেছি। এসব নথিপত্র পর্যালোচনা করে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে। জড়িতদের বিরুদ্ধে প্রধান কার্যালয় ব্যবস্থা গ্রহণ করবে।
খুলনা গেজেট/এনএম
