সর্বশেষ আপডেট:
স্টার অনলাইন ডেস্ক
আইফোন ডুয়োর ডিসপ্লেতে দাগ। ছবি: এক্স
সম্প্রতি বাজারে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ফোন এনেছে অ্যাপল। তবে বহুল প্রতীক্ষিত এই স্মার্টফোন বাজারে আসার কয়েক দিনের মধ্যেই দেখা দিয়েছে বিপত্তি।
বেশ কয়েকজন ক্রেতা আইফোন ডুয়োর স্ক্রিনে সমস্যা দেখা দেওয়ার অভিযোগ করেছেন। পরে অ্যাপলও বিষয়টি স্বীকার করেছে।
আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে প্রযুক্তি জগতের বড় প্রতিষ্ঠানটির নতুন এই ডিভাইসের স্ক্রিনে দাগ দেখা যায়।
যুক্তরাজ্যে ফোনটির দাম ১ হাজার ৯৯৯ পাউন্ড (প্রায় ৩ লাখ ২৯ হাজার ৮৩৫ টাকা) থেকে শুরু হয়েছে।
অ্যাপল জানিয়েছে, অল্প সংখ্যক ফোনের ইনার ডিসপ্লেতে সমস্যা দেখা দেওয়ার বিষয়টি সম্পর্কে তারা অবগত। ডিসপ্লে সমস্যাযুক্ত ফোনগুলো বদলে নতুন ফোন দেওয়া হবে।
ভুক্তভোগী গ্রাহকদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনলাইনে প্রি-অর্ডার চালুর পর গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপলের স্টোরগুলোতে আইফোন ডুয়োর উন্মোচন ঘিরে ক্রেতাদের ভিড় দেখা যায়।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ফোল্ডেবল ফোনের সঙ্গে প্রতিযোগিতা এবং ডিভাইসের বাজারে নতুনত্ব আনতে এই ফোন এনেছে অ্যাপল।
আইফোন ডুয়োর কয়েকজন ব্যবহারকারী অনলাইনে ছবি প্রকাশ করে জানিয়েছেন, ফোনের স্ক্রিনের মাঝের ভাঁজ বরাবর ফাটল দেখা দিয়েছে।
এছাড়া অনেকে ফোনটি খোলার সময় মচমচ শব্দ হওয়ার অভিযোগ করেন।
আইফোন ডুয়োর ব্যবহারকারী জাস্টিন লোকোস ডিসপ্লের ডান পাশে দাগ দেখা যাওয়া একটি ফোনের ছবি প্রকাশ করেন।
পরে ত্রুটিপূর্ণ ফোনটির পাশে নতুন একটি ফোনের ছবি দিয়ে সহায়তার জন্য নিউইয়র্কের একটি অ্যাপল স্টোরকে ধন্যবাদ জানান তিনি।
সমস্যাটি কতটা ব্যাপক, তা এখনো স্পষ্ট নয়। কতগুলো ফোনে এই ত্রুটি দেখা দিয়েছে, অ্যাপল তা জানায়নি। এদিকে, ত্রুটিপূর্ণ ফোনের কিছু ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
আইফোন ডুয়োর সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছানোর আগে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রযুক্তি বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো।
তবে তিনি বলেন, সমস্যার প্রাথমিক প্রতিবেদনগুলো এটাও দেখিয়েছে যে অ্যাপলের মতো কারিগরি সক্ষমতা ও সুসংহত সরবরাহ শৃঙ্খল থাকা প্রতিষ্ঠানও ফোল্ডেবল ফোন তৈরি করতে গিয়ে হোঁচট খেতে পারে।
ডুয়োর ৭ দশমিক ৬ ইঞ্চি (১৯ দশমিক ৩ সেন্টিমিটার) ইনার ডিসপ্লে মাঝখানের একটি হিঞ্জ বা কবজার মাধ্যমে যুক্ত। এটি প্রকৌশলগতভাবে জটিল একটি ব্যবস্থা। অ্যাপলের কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ফোল্ডেবল ফোনেও এ ধরনের ডিজাইনের কারণে একই রকম ত্রুটি দেখা গেছে।
স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল ফোন গ্যালাক্সি ফোল্ডও ২০১৯ সালে বাজারে আসার শুরুতেই ধাক্কা খেয়েছিল। রিভিউয়াররা ফোনটির স্ক্রিন নষ্ট হওয়ার খবর জানিয়েছিলেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইতোমধ্যে বিভিন্ন ধরনের ফোল্ডেবল ফোনের বিকল্প রয়েছে। ডুয়ো বাজারে আনার আগে এই প্রযুক্তি নিয়ে কয়েক বছর ধরে কাজ করেছে অ্যাপল।
এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে দামি আইফোন। সর্বোচ্চ সুবিধাসম্পন্ন মডেলটির দাম সর্বোচ্চ ৩ হাজার ১৯৯ পাউন্ড (৫ লাখ ২৭ হাজার ৮৩৫ টাকা)।
গত ৯ সেপ্টেম্বর আইফোন ডুয়ো উন্মোচন করা হয়। ১৬ অক্টোবর থেকে ওয়েবসাইটে প্রি-অর্ডার চালু হয়। এরপর ২৩ অক্টোবর নির্দিষ্ট কয়েকটি বাজারে এই ফোন নিয়ে আসে অ্যাপল।
আগামী ৩০ অক্টোবর আরও ২৮টি দেশ ও অঞ্চলে এই ফোন পাওয়া যাবে।
প্রযুক্তি বিশ্লেষক জেরোনিমো বলেন, ডুয়োকে বাজারে প্রতিষ্ঠিত ফোল্ডেবল ফোনগুলোর ‘প্রিমিয়াম বিকল্প’ হিসেবে তুলে ধরেছে অ্যাপল। তাই শুরুর দিকের এই সমস্যাটি অ্যাপল কীভাবে সামাল দেয়, তার ওপর শুধু এই ফোনের বিক্রি নয়, বরং অ্যাপলের যেকোনো ফোল্ডেবল ফোনের প্রতি ক্রেতাদের আস্থাও নির্ভর করবে।
প্রায় দুই দশকের মধ্যে আইফোনের ডিজাইনে সবচেয়ে বড় পরিবর্তন এই ডুয়ো।
সেপ্টেম্বরে টিম কুকের স্থলাভিষিক্ত হওয়া নতুন প্রধান নির্বাহী জন টার্নাস ফোনটি উন্মোচন করেন।
