পবিত্র মক্কার মসজিদে হারামে তাওয়াফ ও সাঈ করার জন্য বৈদ্যুতিক কার্ট বুকিংয়ের সুবিধা চালু করেছে সৌদি আরবের নুসুক অ্যাপ। এর ফলে বয়স্ক ব্যক্তি এবং যাদের দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয়, তারা আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে উমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে দ্য ইসলামিক ইনফরমেশন ২৫ অক্টোবর এ তথ্য জানিয়েছে।
নতুন এই সেবার আওতায় নুসুক অ্যাপ ব্যবহার করে মসজিদে হারামে তাওয়াফ ও সাঈ করার জন্য বৈদ্যুতিক কার্ট বুক করা যাবে। এর মাধ্যমে শারীরিকভাবে চলাফেরায় সীমাবদ্ধতা রয়েছে- এমন মুসল্লিদের জন্য ইবাদত পালনের সুযোগ আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মসজিদে হারাম ও মসজিদে নববির কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক এ সেবার সঙ্গে যুক্ত। কর্তৃপক্ষ বৈদ্যুতিক কার্ট সরবরাহ, ব্যবহারকারীদের সহায়তা এবং তাদের চলাচল সহজ করার দায়িত্ব পালন করে।
সৌদি আরবে হজ ও উমরাযাত্রীদের জন্য ডিজিটাল সেবা সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এর লক্ষ্য হলো, বিভিন্ন বয়স ও শারীরিক সক্ষমতার মানুষের প্রয়োজন অনুযায়ী সেবা সহজলভ্য করা।
বৈদ্যুতিক কার্ট বুক করতে যাত্রীদের নুসুক অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপের মাধ্যমে বুকিং দেওয়া যাবে।
নতুন এই উদ্যোগের ফলে বয়স্ক ও হাঁটাচলায় অসুবিধা হয় এমন উমরাযাত্রীদের তাওয়াফ ও সাঈ পালনে বাড়তি সুবিধা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
