Published on
:
1 min read
প্রেমের সম্পর্ক নিয়ে তুমুল অশান্তির জের। প্রেমিক ও তাঁর বাবাকে ডেকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল খাস কলকাতায়। প্রাণে বাঁচতে ওই ছেলে এবং তাঁর বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে বলেও অভিযোগ। খাস কলকাতার বুকে বেহালার সরশুনার ঘটনা।
সূত্রের খবর, ছেলেটি ও মেয়েটির সম্পর্ক নিয়ে আপত্তি ছিল মেয়েটির পরিবারের। মেয়েটি আদতে নাবালিকা বলে সূত্রের খবর। রবিবার রাতে ওই দুজনকে রাস্তায় দেখতে পায় মেয়েটির পরিবার। সেই সময়ে ছেলেটিকে আটকে মারধর শুরু করা হয়। তখন তাঁর এক বন্ধু বাঁচাতে এলে তাঁকে মারধর করা হয়। অভিযোগ, মারধরের হুমকি দিয়ে সেই সময়ে ছেলেটির বাবাকে ়ডেকে পাঠানো হয়। ছেলেটির বাবা এলে, তাঁকেও প্রথমে মারধর করা হয়। নিগৃহীত ওই ব্যক্তির অভিযোগ, তাঁকে তিনটি অপশন দিয়েছিল মেয়ের বাড়ির লোকজন। প্রথমে একটি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছেলেকে গুলি করতে বলা হয়। নয়তো ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে মারতে বলা হয়। সেটাতেও রাজি না হলে, দু’জনকেই নগ্ন হয়ে রাস্তায় হেঁটে যেতে বলা হয়। শেষ পর্যন্ত বাবা-ছেলেকে নগ্ন করে প্রায় পাঁচশো মিটার রাস্তায় হাঁটানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করা হয়েছে। পরে সেটি ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। খাস কলকাতায় এমন বর্বরতায় ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। তাঁরা মেয়েটির বাবা-মা ও মামা। যদিও নিগৃহীত তরুণের অভিযোগ, হামলার সময়ে ৬ জন মতো ছিল। সবাইকে এখনও ধরা হয়নি।