রাজধানীর ইডেন মহিলা কলেজের দুই শিক্ষার্থীদের রাস্তায় গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে মো. তাহের হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করেছেন উত্তেজিত ছাত্রীরা। পরে তার চুল কেটে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
ইডেন কলেজের শিক্ষার্থীরা জানান, দুই শিক্ষার্থী হেঁটে হোস্টেলে যাওয়ার সময় কলেজের সামনের ওই ব্যক্তি পেছন থেকে তাদের ছবি ও ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় আরেক ব্যক্তি বিষয়টি শিক্ষার্থীদের জানান। পরে তারা আশপাশে থাকা কয়েকজনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসেন।
শিক্ষার্থীরা ছবি ও ভিডিও ধারণের কারণ জানতে চাইলে ওই ব্যক্তি ফেসবুকের একটি নির্দিষ্ট মানদণ্ড পূরণের উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছেন বলে জানান বলে অভিযোগ রয়েছে। এ কথা শোনার পর উপস্থিত ছাত্রীরা উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। এছাড়া তার মোবাইল ফোনে এ ধরনের আরও অনেক ভিডিও পাওয়া গেছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ওই দুই শিক্ষার্থীর ছবি তোলার কথা স্বীকার করেছেন। খবর পেয়ে আজিমপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, ‘অভিযুক্তকে উদ্ধার করে আমরা ঢামেকে ভর্তি করেছি। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
