‘বিগ বস বাংলা’র যাত্রা শেষ করে দুর্গ ছেড়ে ৫৫ দিন পর বাড়ি ফিরছেন ভরত। রিয়েলিটি শো থেকে ফিরে প্রত্যেকেই কম-বেশি তাঁদের অভিজ্ঞতা ভাগ করেছেন। অন্দরমহলের অজানা গল্প তাঁদের মুখে শোনার জন্য মুখিয়ে থাকে শোয়ের দর্শক। অভিনেতা ভরত কলও দুর্নিবার সাহা ও সৃজলা গুহর প্রেমচর্চা নিয়ে মুখ খুলেছেন। ভরতের কথায়, “দুর্নিবার ও সৃজলার মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। সৃজলা বারবার দুর্নিবারকে দাদা এবং নিজেকে বোন বলেই সম্বোধন করেছে। খেলার জন্য অনেকেই অনেকরকম সমীকরণ তৈরির চেষ্টা করেন, তবে তার মানেই প্রেম নয়।” দুর্নিবার-সৃজলাকে নিয়ে ঠিক যতটা নরম সুরে কথা বলেছেন, রাজবীর ও নন্দিনীর রগরগে রোম্যান্স নিয়ে ঠিক ততটাই বিরক্ত।
স্ত্রী জয়শ্রীকে পাশে নিয়ে ভরত স্পষ্ট জানিয়েছেন, “আমার তো মনে হয় ওঁদের প্রেমটা পুরোটাই ফেক। শো অফ ছাড়া আর কিছুই নয়। রিয়েলিটি শো এসে প্রেম করলে সেই সম্পর্ক টেকে নাকি! মানুষকে তো চেনার সুযোগটাই হয় না। এক খাটে শোয়া মানেই কি সম্পর্ক?” কখনও কম্বলের নীচে রোমান্স তো কখনও শৌচাগারের বাইরে চুমু, খেলার মাঝে পরস্পরকে জাপটে ধরার মতো বিগ বসের ঘরে ঘটনাবহুল মুহূর্ত!
View this post on Instagram
মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ের এহেন আচরণ অত্যন্ত দৃষ্টিকটূ বলেও মন্তব্য করেন ভরত। তাঁর কথায়, “একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে। বাড়ি ফিরতে হবে। আত্মীয়স্বজন আছে। এরকম একটা প্ল্যাটফর্মে নিজের মেয়েকে যদি এভাবে দেখতাম! এতে ভালো লাগার কিছু নেই।”
View this post on Instagram
ভরতের সুরে সুর মিলিয়ে জয়শ্রীও বলেন, “এগুলো সব ফেক। রিয়েলিটি শোয়ে টিকে থাকতে, খেলায় জেতার জন্যই এসব।” স্ত্রীর কথার প্রসঙ্গ টেনে ভরতের যুক্তি, “খেলার জায়গায় খেলবে। খেলা আর প্রেম দুটো বিষয়কে আলাদা রাখা প্রয়োজন। একটা রিল খুব ভাইরাল হয়েছে। সেখানেও কিন্তু, সকলে বলছে রাজবীর খুব স্ট্রং প্লেয়ার। এমনকী নন্দিনী নিজেও। তাই নিজেও খেলো আর ওকেও খেলতে দাও।”
