মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। এরা হলেন—এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী।
আদালত অবমাননার মামলায় তলবের পরিপ্রেক্ষিতে হাজির হয়ে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ক্ষমা চান তাঁরা। পরে লিখিত ব্যাখ্যা দিতে সময় চেয়ে আবেদন করলে আগামী ২৫ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আওয়ামী পন্থী দুই আইনজীবীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শুনানিতে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, ফেসবুক থেকে এরই মধ্যে পোস্ট মুছে ফেলা হয়েছে। তাঁরা এমন পোস্ট দিয়ে ভুল করেছেন। অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা চাচ্ছেন।
ট্রাইব্যুনাল থেকে বের হয়ে চিফ প্রসিকিউটর বলেন, একজন প্র্যাকটিসিং আইনজীবীর কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আদালত বা ট্রাইব্যুনাল সম্পর্কে অশোভন মন্তব্য করা সমীচীন হয়নি। তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আগামী তারিখে তাঁরা লিখিতভাবে কী বক্তব্য দেন, সে প্রেক্ষিতে বিষয়টি নিষ্পত্তি হতে পারে।
এর আগে দুই আইনজীবীর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে গত ১৬ সেপ্টেম্বর তাঁদের তলব করা হয়।
