সৌদি আরবের মদিনার আল-উলা এলাকায় খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে সৌদি আরবের স্থানীয় সময় এ ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।
সোমবার (২৬ অক্টোবর) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী।
নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, প্রায় সাড়ে চার বছর আগে কর্মী ভিসায় সৌদি আরবে যান আবু বকর সিদ্দিক। সেখানে মদিনার আল-উলা এলাকার একটি খেজুরবাগানে কাজ করতেন তিনি। রোববার রাতে সৌদি আরবে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।
ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী জানান, রোববার বিকেলে মদিনার আল-উলা এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়। ওই সময় খেজুরবাগানে কাজ করছিলেন আবু বকর সিদ্দিক। বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
তরুণ এই প্রবাসীর মৃত্যুর খবরে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে বলে জানান ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী।
The post সৌদিতে বজ্রপাতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক appeared first on ভোরের চেতনা.
