স্বাধীনতার ৭৯ বছর পরেও পাকা রাস্তার অভাবে চরম দুর্ভোগ মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ব্লকপাড়ার বাসিন্দাদের। ব্লক অফিসের উল্টোদিকে অবস্থিত এই এলাকায় কমবেশি ১০০ পরিবারের বসবাস। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তার দাবিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। এলাকার যাতায়াতের রাস্তা পুকুরে তলিয়েছে। গ্রামে অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়ি ঢুকতে পারে না। অসুস্থ রোগী ও প্রসূতিদের খাটিয়ায় করে নিয়ে যেতে হয় হাসপাতালে। সম্প্রতি রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা ও রাজনৈতিক চাপানউতোর। স্থানীয়দের ক্ষোভ, ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও বাস্তবে রাস্তা তৈরি হয়নি।