কালবেলা · দেশ
অর্থসচিব ড. খায়েরুজ্জামানকে চুক্তিতে নিয়োগ
২৬/১০/২০২৬

অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ড. খায়েরুজ্জামান মজুমদার ২০২৩ সালের ২৩ আগস্ট থেকে অর্থ বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন। চুক্তিভিত্তিক নিয়োগের ফলে তিনি আরও এক বছর অর্থ বিভাগের শীর্ষ পদে থাকছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. খায়েরুজ্জামান মজুমদারকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের শর্ত হলো, যোগদানের তারিখ থেকে তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছেড়ে দিতে হবে।
তিনি যোগদানের তারিখ থেকে এক বছর অর্থ বিভাগের সচিব পদে থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
মূল প্রতিবেদনে যান ↗