শ্রমিকদের কল্যাণ, সামাজিক সুরক্ষা ও কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৭:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের কল্যাণ এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতা জোরদার করতে চায় সরকার। পাশাপাশি কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের প্রভাব মোকাবিলায় শ্রমিকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।
সাক্ষাতে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তমন্ত্রণালয় সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইসমাইল জবিউল্লাহ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নত পরিবেশ তৈরিতে আইএলওর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শ্রমিকদের কল্যাণ এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ চলছে। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কর্মক্ষম জনগোষ্ঠীর উৎপাদনশীলতা বাড়ানোও সরকারের অগ্রাধিকার।
তিনি আরও বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শ্রমবাজারকে খাপ খাইয়ে নিতে হবে। এআই ও অটোমেশনের প্রভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শ্রমিকদের প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে আইএলওর কারিগরি সহায়তা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ম্যাক্স টুনোন কর্মসংস্থানের গুণগত মান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, বনায়ন এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে জিআইইউর মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং বাংলাদেশে আইএলওর কান্ট্রি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

