বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর আইপিএলের ২০২৭ সালের আসর সামনে রেখে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। একদিনের এই মিনি নিলামের ভেন্যু গোয়া।
ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার ডেডলাইনের ঠিক এক মাস পর বসতে যাচ্ছে এবারের নিলাম। আইপিএল কর্তৃপক্ষ সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে, খেলোয়াড় ধরে রাখার শেষ সময় ১৫ নভেম্বর। এর পরপরই নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হবে। সেখান থেকে দলগুলোর বেছে নেওয়া সংক্ষিপ্ত তালিকার ভিত্তিতে নিলামের আগের সপ্তাহে ক্যাটাগরি ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সবশেষ ২০২৬ সালের আসর শেষ হওয়ার পর চলমান ট্রেডিং উইন্ডোতে এখন পর্যন্ত মাত্র দুটি খেলোয়াড় অদলবদল দেখেছে আইপিএল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, মৌসুম শেষ হওয়ার এক মাস পর এই উইন্ডো খোলে এবং নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত তা চালু থাকে। এরপর নিলাম শেষে পরবর্তী আসর শুরুর এক মাস আগে পর্যন্ত আবার খোলা থাকে এই উইন্ডো।
গত জুনে অধিনায়ক ঋষভ পান্তকে দিল্লি ক্যাপিটালসের কাছে ছেড়ে দিয়ে স্পিনার কুলদীপ যাদবকে দলে টানে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আর সম্প্রতি পেসার টি নটরাজনকে সানরাইজার্স হায়দরাবাদে পাঠিয়ে অনভিজ্ঞ লেগ স্পিনার জিশান আনসারিকে স্কোয়াডে ভিড়িয়েছে দিল্লি।
২০২৭ সালের আসরের চূড়ান্ত সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে ২০২৪ সালে পরবর্তী তিন আসরের জন্য যে সম্ভাব্য খসড়া তৈরি করা হয়েছিল, তাতে ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টুর্নামেন্টটির উইন্ডো রাখা হয়েছিল। কিন্তু গত সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর বোর্ড সচিব দেবাজিৎ সাইকিয়া ইঙ্গিত দেন, আগামী আসরটি মার্চের শেষের দিকে শুরু হতে পারে।
আইপিএলের চলতি চক্রে এটিই শেষ মিনি নিলাম। কারণ ২০২৮ সালের আসরের আগে বসবে বড় আকারের মেগা নিলাম। ওই মেগা নিলাম দিয়েই শুরু হবে আইপিএলের মিডিয়া স্বত্বের নতুন চক্র, যদিও বিসিসিআই এখনও এর টেন্ডার ছাড়েনি।
