বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে স্পেনের সেভিল শহরে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সেভিল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তৈরি পোশাক ও বস্ত্র, ওষুধ, চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্পেনের বাজারে বাংলাদেশি পাটজাত পণ্যের সম্প্রসারণ এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে প্রতিবছর অন্তত একটি বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন সেভিল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। এর ধারাবাহিকতায় সেভিলে বাংলাদেশি পণ্যের বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং সেভিল চেম্বারের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোর যোগাযোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, তথ্য বিনিময় এবং সেভিল চেম্বারের সঙ্গে সম্পর্কযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে দুই পক্ষই বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে নিয়মিত অর্থনৈতিক সংলাপ এবং বাস্তবমুখী উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
