প্রকাশিত: ১৭:২০, ২৬ অক্টোবর ২০২৬
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সন্ধ্যায় তিস্তা নদীর পাড়ের আনন্দবাজার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন
নীলফামারীর ডিমলা উপজেলায় ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেব’ স্লোগানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিস্তা নদীর পাড়ের আনন্দবাজার এলাকায় মিছিলটি হয়েছে বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগকর্মী হিসেবে পরিচিত আরসাদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মিছিলে অংশ নেন। মিছিলের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়েছিল বলে দাবি করেন যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান। তাঁর ভাষ্য, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিলটি বের হয়ে তিস্তা নদীর পাশে কিছুক্ষণ অবস্থানের পর অংশগ্রহণকারীরা চলে যায়। পরে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়।
এনসিপির ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব রাসেদুজ্জামান রাসেদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর তিনি পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভূমিকার সমালোচনা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতে নদীর পাশের কোনো এলাকায় এটি হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
