রায়গঞ্জে অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে অনেক পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মুন্নী নামে এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, প্রতিদিন অনলাইনে আয় করার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে অনলাইনে আয়ের সুযোগ দেওয়ার কথা বলে এলাকার সহজ-সরল ও অসচ্ছল নারীদের আকৃষ্ট করা হয়। তাদের বলা হয়, অ্যাপসের মাধ্যমে অনলাইনে কাজ করে প্রতিদিন আয় করা সম্ভব। এ জন্য প্রথমে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। পরে বিভিন্ন সময়ে আরও টাকা নেওয়া হয়েছে। ব্রহ্মগাছা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে মোতালেবের স্ত্রী তাসলিম বলেন, আমার স্বামী একাই সংসার চালান। সংসারে অনেক কষ্ট হয়। ভেবেছিলাম, আমিও কিছু আয় করতে পারলে পরিবারের অবস্থার উন্নতি হবে। এ সময় মুন্নী নামে এক নারী অনলাইনে প্রতিদিন আয়ের কথা বলেন। তার কথায় বিশ্বাস করে প্রথমে বিকাশের মাধ্যমে ৪ হাজার ৯৯০ টাকা দিয়ে অ্যাপসটি নিই। এভাবে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে মোট ৪০ হাজার টাকা নিয়েছে। একই গ্রামের জোৎ¯œা বেগম অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছে। আমার মতো আরও অনেকের কাছ থেকেই টাকা নেওয়া হয়েছে। এতে আমাদের গ্রামের অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অনলাইনে আয়ের আশায় টাকা দিয়ে তারা এখন চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অনেকের সংসারে দেখা দিয়েছে আর্থিক সংকট। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত মুন্নীর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। ভুক্তভোগীদের কয়েকজন এ ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করে জানিয়ে দেব।