পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা খালে সাপের কামড়ে সবুর খলিফা (৪৬) নামে এক জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। পরে বন বিভাগের কর্মীরা তাঁকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহত সবুর খলিফা শরণখোলা উপজেলার বাসিন্দা। তাঁর মহাজন মৎস্য আড়তদার মো. আফিকুল জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে শৌলা খালে মাছ ধরার সময় সবুরকে সাপে দংশন করে। খবর পেয়ে তিনি বন বিভাগের সহায়তা চান। গত ২২ অক্টোবর শরণখোলা ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে সবুর সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আমির হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাপের কামড়ে আহত জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর বন বিভাগের কর্মীরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থল থেকে আহত জেলেকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে পাঠান।
The post সুন্দরবনে সাপের কামড়ে জেলে আহত appeared first on ভোরের চেতনা.
