স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিনে চাঁদা দাবী ও জমিজমাকে কেন্দ্র করে আবদুর রাজ্জাক নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে বলে পার্শবর্তী ইয়াসিন খান এর ছেলে মোঃ জসিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রবিবার বিকেল প্রায় সাড়ে ৩টার সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের স্মৃতি পাড়া নামক এলাকায় এঘটনা ঘটে।
আহত সেনা সদস্য আবদুল রাজ্জাক হাওলাদার জানান, পার্শ্ববর্তী বাড়ির মোঃ জসিম এর বোন থেকে পৈত্রিক পাওয়া সাড়ে ৭ শতাংশ স¤পতি ক্রয় করে। এর পর যুবদল নেতা জসিম তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। সেনা সদস্য আবদুল রাজ্জাক হাওলাদার চাদার টাকা দিতে অসীকৃতি জানালে ঘটনার দিন মোঃ জসিম, ইলিয়াস, তামিম, জিহান, আজাদসহ কয়েকজন সঙ্গপাঙ্গ নিয়ে সেনা সদস্য আবদুল রাজ্জাক হাওলাদার এর ক্রয়কৃত সেই জমি দখল করে ঘর উত্তলনের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে সেনা সদস্য আবদুল রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে বাঁধা সৃষ্টি করলে তাকে এবং তার স্ত্রী, ছেলে, মেয়ে ও তার শালিকাসহ তার পরিবার পরিজনের কয়েকজনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করে। হামলায় সেনা সদস্য আবদুল রাজ্জাক মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা আবদুর রাজ্জাককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বোরহান উদ্দিন হাসপাতালে ও পরবর্তী ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এব্যাপারে অভিযুক্ত জসিম জানায়, বোনদের সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি হয়েছে। আহত আবদুল রাজ্জাকের ভাই আল-আমীন জানিয়েছেন, তিনি বোরহানউদ্দিন থানায় মামলা দিতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, তিনি বিষয়টি অবগত নয়। তার কাছে কেউ লিখিত অভিযোগ বা মামলা করতে যায়নি। গেলে তিনি আইনগত পদক্ষেপ নিবেন।
এদিকে বিষয়টি নিয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছেন।