ইসরাইলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে পিছিয়ে পড়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানো বক্তব্য দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। নির্বাচনের আগে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের একটি কাল্পনিক ছবি প্রকাশ করেন। ভোটারদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাকে ভোট না দিলে দেশ পারমাণবিক ধ্বংসের ঝুঁকিতে পড়বে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মন্তব্য করেন, যারা নিজেদের অস্তিত্ব ও পরিবার নিয়ে উদ্বিগ্ন, তাদের বিরোধীদের ভোট দেওয়ার আগে হাত কাঁপা উচিত।
ইসরাইলি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের ওপর সেনাবাহিনীকে নতুন নির্দেশনার জন্য চাপ প্রয়োগ করেছেন নেতানিয়াহু। এই নির্দেশনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে, যা সংবেদনশীল সময়ে ভুল হিসাব-নিকাশের মাধ্যমে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। যদিও নেতানিয়াহু এ ধরনের কোনো চাপের কথা অস্বীকার করেছেন। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনার কথা সরাসরি নাকচ করে দিয়েছে।
এদিকে সিএনএন ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন হামলার জন্য রাজি করানোর চেষ্টা করেছেন। তবে ট্রাম্প মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত যেকোনো বড় সামরিক পদক্ষেপে সায় দিতে অস্বীকৃতি জানান। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বলেছে, তাদের সব সিদ্ধান্ত পেশাগত ও জাতীয় নিরাপত্তা বিবেচনার ভিত্তিতেই নেওয়া হয়।
নেতানিয়াহুর বর্তমান এ অবস্থানের সঙ্গে গত মার্চে করা তার বক্তব্যের বড় পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ওই সময় তিনি দাবি করেছিলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে। ২০২৫ সালে অর্জিত এই সাফল্যকে তিনি প্রজন্মের পর প্রজন্ম মনে রাখার মতো ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছিলেন। কিন্তু বর্তমানে তার এই উগ্র প্রচারণার পেছনে নির্বাচনী পরাজয়ের শঙ্কা কাজ করছে বলে মনে করা হচ্ছে।
নেতানিয়াহুর এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। সেনাপ্রধান ইয়াল জামিরের প্রতি সমর্থন জানিয়ে এই অবসরপ্রাপ্ত জেনারেল বলেন, প্রধানমন্ত্রী নিজের ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে আইডিএফকে কোনো দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারবেন না।
The post নির্বাচনে জিততে ইরান ভীতি ছড়াচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু appeared first on Daily Sangbad Chorcha.
